ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত বাবা-ছেলের পরিবারকে আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহব্বতপুর গণেশপাড়া গ্রামে বজ্রপাতে নিহত বাবা-ছেলের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে দুই পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নিহত আনোয়ার গণেশ (ওরফে প্রভু) ও তার ছেলে নিমাই গণেশের পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম।
এ সময় আনোয়ার গণেশের স্ত্রীকে ২৫ হাজার টাকা এবং নিমাই গণেশের স্ত্রীকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়। ফলে দুই পরিবার মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পেয়েছে। পাশাপাশি তাদের মধ্যে শুকনো খাবারও বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম জানান, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে প্রাথমিকভাবে এ সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে দুই পরিবারকে আরও ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া পরিবারের উপার্জনক্ষম সদস্যদের হারানোর বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসন ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহব্বতপুর গণেশপাড়া গ্রামে বাড়ির পাশের একটি পাটক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আনোয়ার গণেশ (ওরফে প্রভু) ও তার ছেলে নিমাই গণেশ ঘটনাস্থলেই নিহত হন। এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।



আপনার মতামত লিখুন