নবগঠিত ভূল্লী উপজেলায় প্রশাসনিক কার্যক্রমের সূচনা, ইউএনওর প্রথম অফিস
ঠাকুরগাঁও প্রতিনিধি: নবগঠিত ভূল্লী উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। উপজেলার অস্থায়ী কার্যালয়ে প্রথম কার্যদিবস পালন করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভূল্লী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম।
মঙ্গলবার ২নং বালিয়া ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলায় স্থাপিত ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে তিনি প্রথম অফিস করেন। এ সময় উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, জনসেবা নিশ্চিতকরণ এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রথম কার্যদিবসে নবগঠিত উপজেলার পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং ভূল্লী প্রেসক্লাবের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে ইউএনও মো. খাইরুল ইসলামকে বরণ করে নেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা নবগঠিত উপজেলার প্রশাসনিক কার্যক্রম সফলভাবে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।
ইউএনও মো. খাইরুল ইসলাম বলেন, “ভূল্লী উপজেলার জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলায় প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ায় দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবে রূপ নিয়েছে। এতে সরকারি সেবা গ্রহণে মানুষের সময়, খরচ ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।
উল্লেখ্য, ভূল্লী উপজেলায় স্থায়ী প্রশাসনিক ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত ২নং বালিয়া ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয় পরিচালিত হবে। এর মাধ্যমে নবগঠিত উপজেলার প্রশাসনিক কার্যক্রম ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ লাভ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।




আপনার মতামত লিখুন
[gs-fb-comments]