ঠাকুরগাঁওয়ে ২৭ মামলার আসামি ‘আকাশ’ গ্রেপ্তার
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নকল স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি ও কথিত সংঘবদ্ধ প্রতারক চক্রের অন্যতম হোতা মোস্তফা আলী ওরফে আকাশকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, আকাশের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ২৭টি মামলা রয়েছে। এর মধ্যে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৭ হাজার টাকা অর্থদণ্ডের একটি সাজা পরোয়ানাও রয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় সদর উপজেলার ঠাকুরগাঁও রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মোস্তফা আলী ওরফে আকাশ পীরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জগথা এলাকার মোবারক আলীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, নকল স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণার একটি মামলার এজাহারভুক্ত আসামি আকাশ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে ডিবির একটি দল সদর থানা এলাকায় অভিযান চালায়। পরে ঠাকুরগাঁও রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আকাশের বিরুদ্ধে প্রতারণা, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, চুরি, বিস্ফোরক দ্রব্য ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ২৭টি মামলা রয়েছে। এছাড়া পীরগঞ্জ থানায় তার বিরুদ্ধে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৭ হাজার টাকা জরিমানার সাজা পরোয়ানা মুলতবি রয়েছে।
ডিবির দাবি, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও প্রতারণার সঙ্গে জড়িত আকাশ একসময় গাজীপুরে অবস্থান করে মাদক ব্যবসার একটি চক্র পরিচালনা করতেন। পরে বিভিন্ন সময়ে হরিপুর, রানীশংকৈল ও পীরগঞ্জ এলাকায় অবস্থান করে মাদক ব্যবসা, প্রতারণাসহ নানা অপরাধে জড়িয়ে পড়েন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, নকল স্বর্ণের মূর্তিসহ বিভিন্ন কৌশল ব্যবহার করে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে আকাশের বিরুদ্ধে। তার কর্মকাণ্ডের কারণে একাধিক ব্যক্তি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও পুলিশের দাবি। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে প্রমাণের বিষয়টি বিচারাধীন।
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ গোলাম রসুল বলেন, অপরাধীরা প্রযুক্তি ব্যবহার করে আত্মগোপনে থাকার চেষ্টা করলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করা হচ্ছে। মাদক, প্রতারণা ও সংঘবদ্ধ অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা গোয়েন্দা পুলিশ নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মোস্তফা আলী ওরফে আকাশের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার (১০ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।




আপনার মতামত লিখুন
[gs-fb-comments]