শনিবার ডিআরইউতে অনুষ্ঠিত হচ্ছে ‘এমআরইউ মিডিয়া ডে ২০২৬’
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল সাংবাদিকতায় জ্ঞান বিনিময় এবং স্বাস্থ্যসচেতনতা তৈরির লক্ষ্যে আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে ‘এমআরইউ মিডিয়া ডে ২০২৬’। মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠান সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে থাকছেন অমৃতা মালঙ্গী, হেড অব অনলাইন, দৈনিক কালবেলা; অমিত হাসান রবিন, হেড অব মাল্টিমিডিয়া, দৈনিক যুগান্তর; মাসুম খান, সম্পাদক, টাইমস টুডে ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া; এবং তৌসিফ আকবর, বুম বাংলাদেশ।
দিনব্যাপী কর্মশালায় থাকছে পরিবর্তনশীল সাংবাদিকতা, মোবাইল জার্নালিজম (মোজো), মাল্টিমিডিয়া স্টোরিটেলিং, স্ক্রিপ্ট রাইটিং, ডেস্ক রিপোর্টিং, নিউজ প্রেজেন্টেশন, সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, ফ্যাক্ট-চেকিং, তথ্য যাচাই এবং দায়িত্বশীল সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ।
এ ছাড়া অনুষ্ঠানে থাকছে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম, এমআরইউ বুক কর্নার, কুইজ প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ, চা-কফির আয়োজন এবং পুরস্কার ও স্বীকৃতি প্রদানসহ সমাপনী অনুষ্ঠান। এ আয়োজনে মেডিকেল পার্টনার হিসেবে সহযোগিতা করছে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহরিয়ার নাঈম, সাবেক মাল্টিমিডিয়া প্রধান, দৈনিক যায়যায়দিন। অনুষ্ঠান সঞ্চালনা করবেন মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক, মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি এবং চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার, দৈনিক নিরপেক্ষ।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মাইনুল হাসান সোহেল, উপদেষ্টা, মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি; বিশেষ প্রতিনিধি, দৈনিক ইনকিলাব এবং সাধারণ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এ ছাড়া সংগঠনের উপদেষ্টা শফিউর রহমান শফিকসহ কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যরা অনুষ্ঠানে যুক্ত থাকবেন।
মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) ২০২৩ সালের ডিসেম্বর মাসে বর্তমান সভাপতি শাহরিয়ার নাঈমের সমন্বয়ে একঝাঁক তরুণ সংবাদকর্মীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই তাঁর নেতৃত্বে সংগঠনটি মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতা জোরদারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
আয়োজকদের প্রত্যাশা, ‘এমআরইউ মিডিয়া ডে ২০২৬’ সাংবাদিকদের প্রযুক্তিনির্ভর কাজের দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাইয়ের চর্চা জোরদার এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে। একই সঙ্গে সাংবাদিকদের স্বাস্থ্যসচেতনতা ও পারস্পরিক পেশাগত যোগাযোগ বৃদ্ধিতেও সহায়ক হবে এ আয়োজন।




আপনার মতামত লিখুন
[gs-fb-comments]