এক দিনের বেতনের টাকায় সবুজের স্বপ্ন: হরিপুর উপজেলা প্রশাসনের কর্মচারীদের ব্যতিক্রমী উদ্যোগ
ঠাকুরগাঁও প্রতিনিধি:—নিজেদের এক দিনের বেতনের অর্থ থেকেই সবুজে ঘেরা একটি উপজেলা গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রশাসনের কর্মচারীরা। পরিবেশ সংরক্ষণ ও উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে তারা স্বেচ্ছায় অর্থ সংগ্রহ করে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও ফুলের গাছ রোপণ করেছেন। তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সোমবার (৭ জুলাই) উপজেলা প্রশাসনের ১৫ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের অব্যবহৃত ও পতিত স্থানগুলোতে প্রায় ১০০টি গাছের চারা রোপণ করা হয়। রোপণ করা চারার মধ্যে রয়েছে নিম, লেবু, পেয়ারা, মেহেদি, লাল গোলাপ, লাল জবা এবং আরও বিভিন্ন প্রজাতির গাছ।
উপজেলা প্রশাসনের কর্মচারী মো. শহিদুল ইসলামের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন মো. সোহেল রানা, মো. রবিউল ইসলাম, সুদেব পালসহ অন্যান্য কর্মচারীরা। তারা জানান, পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ কর্মপরিবেশ রেখে যাওয়ার প্রত্যয় থেকেই এই উদ্যোগ।
হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর বলেন,
“নিজেদের বেতনের অর্থ ব্যয় করে কর্মচারীরা যেভাবে পরিবেশ রক্ষা ও উপজেলা চত্বরের সৌন্দর্যবর্ধনে এগিয়ে এসেছেন, তা সত্যিই অনুকরণীয়। এমন উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।”
নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এই উদ্যোগ প্রমাণ করে, পরিবেশ রক্ষায় বড় বাজেটের চেয়ে আন্তরিকতা ও দায়িত্ববোধই সবচেয়ে বড় শক্তি।



আপনার মতামত লিখুন