‘জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না’ — গোলাম পরওয়ারের হুঁশিয়ারি
সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,
“একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, জামায়াত সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন ও অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখেনি। তোমরা নতুন দল, রাজনীতিতে জামায়াতের সঙ্গে পাল্লা দিতে গেলে বহু দূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।”
সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্দেশে গোলাম পরওয়ার বলেন,
“নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক একটি স্ট্যাটাস দিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী সংস্কার চায় না, সংস্কার ও নতুন সংবিধান সংলাপে ভূমিকা রাখেনি। অথচ ঐকমত্য কমিশনে লিখিতভাবে ৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে আমরাই প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি।”
তিনি আরও বলেন,
“নতুন গঠিত ছাত্র দলের একজন নেতা এ সমালোচনা করেছেন। ওনারা চাচ্ছেন যে আমরা একটু সমালোচনা করি। কেউ তো ওনাদের নাম দেয় না, তো জামায়াতের মতো একটি বড় দল তাদের নিয়ে দুটো কথা বললে তাদের নাম দুয়েকজন নেয়। আমরা আপনাদের অত আমলে নেই না।”
দলটির নেতাকর্মীদের ‘জুলাই যোদ্ধা’ উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন,
“তাদের প্রতি জামায়াতের শ্রদ্ধা ও দোয়া থাকবে।”
অশ্লীল ও অরাজনৈতিক ভাষা ব্যবহার কোনো রাজনৈতিক নেতার জন্য শোভনীয় নয় বলেও মন্তব্য করেন তিনি।




আপনার মতামত লিখুন
[gs-fb-comments]