ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী দোকানির দোকানে হামলা-ভাঙচুর, জামিনে আসামি; নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলাধীন নীলামেলা বাজারে দোকানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগে করা মামলার আসামি জামিনে মুক্ত হয়েছেন। এদিকে ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন শারীরিক প্রতিবন্ধী ব্যবসায়ী মো. হাফিজুল ইসলাম। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ৭টার দিকে নীলামেলা বাজারে ব্যবসায়ী হাফিজুল ইসলামের দোকানে কয়েকজন ব্যক্তি প্রবেশ করেন। এ সময় তাঁকে গালিগালাজ ও মারধর করার পাশাপাশি দোকানের মালামাল ও আসবাবপত্র ভাঙচুর করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে দোকানে থাকা নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়।
মামলায় আরও উল্লেখ করা হয়, হামলার ঘটনায় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী হাফিজুল ইসলাম ভূল্লী থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মো. আলম (৬০) নামে এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরবর্তী সময়ে তিনি জামিনে মুক্ত হন।
শারীরিক প্রতিবন্ধী হাফিজুল ইসলামের দাবি, দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘটনার পর থেকে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তিনি। একজন প্রতিবন্ধী ব্যবসায়ী হিসেবে স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা এবং নিরাপদে জীবনযাপন করতে চান তিনি।
ভুক্তভোগী হাফিজুল ইসলাম বলেন, “আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করি। আমার দোকানে হামলা, ভাঙচুর ও টাকা নিয়ে যাওয়ার ঘটনায় আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। এ ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি কারও সঙ্গে অন্যায় চাই না, শুধু ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই। প্রশাসনের কাছে আমার দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে যেন আমি নিরাপদে ব্যবসা করতে পারি, সেই ব্যবস্থা করা হোক।”
ভুক্তভোগী ব্যবসায়ী ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।




আপনার মতামত লিখুন
[gs-fb-comments]