ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে লালু দাস (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাতে ভূল্লী থানা পুলিশের সেকেন্ড অফিসার রাশেদুল ইসলাম রাশেদ ও এসআই সজিব হাসান অভিযান চালিয়ে আউলিয়াপুর ইউনিয়নের বোর্ড অফিস বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, লালু দাসের বাড়ি ঠাকুরগাঁওয়ের কালিবাড়ী এলাকায়। বর্তমানে তিনি ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের শবদল এলাকায় বসবাস করতেন। তাঁর ছেলে পাপ্পু দাস (২৮) পেশায় ঝাড়ুদার। পাপ্পু দাসের স্ত্রী লিমা (২৫)-কে ধর্ষণের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এজাহারে পাপ্পু দাস উল্লেখ করেন, গত ৪ অক্টোবর সকাল আনুমানিক ৭টার দিকে তিনি ও তাঁর মা ময়না দাস ঝাড়ু দেওয়ার কাজে বালিয়া বাজারে যান। এ সময় বাড়িতে তাঁর বাবা লালু দাস ও স্ত্রী লিমা ছিলেন।
অভিযোগে বলা হয়, সকাল আনুমানিক ৮টার দিকে লিমা হাত-পা ধোয়ার জন্য বাড়ির পশ্চিম পাশে টিউবওয়েল পাড়ে গেলে লালু দাস তাঁর পিছু নেন। সেখানে তাঁকে পেছন থেকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে লিমা অভিযুক্তের হাতে কামড় দিলে তিনি তাঁকে ছেড়ে দিয়ে পালিয়ে যান বলে অভিযোগে বলা হয়।
পরে পাপ্পু দাস ও তাঁর মা বাড়িতে ফিরে এলে লিমা তাঁদের কাছে ঘটনাটি জানান। এরপর পাপ্পু দাস ভূল্লী থানায় গিয়ে তাঁর বাবার বিরুদ্ধে এজাহার দায়ের করেন।
ভূল্লী থানা পুলিশের সেকেন্ড অফিসার রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “অভিযুক্ত লালু দাস ঘটনার পর থেকে পলাতক ছিলেন। শুক্রবার গভীর রাতে এসআই সজিব হাসানকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে তাঁকে আউলিয়াপুর ইউনিয়নের বোর্ড অফিস বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।”

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ । ৫:৩৭ অপরাহ্ণ