ঠাকুরগাঁওয়ে ভুট্টা খেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ১
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের একদিন পর ভুট্টা খেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোরসালিন (১৫) নামে এক কিশোরকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসারডাঙ্গী এলাকায় বাড়ির পাশের একটি ভুট্টা খেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত লামিয়া ওই এলাকার শফিকুল রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) দুপুরের পর থেকে লামিয়া নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ভুট্টা খেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার পর সন্দেহভাজন হিসেবে মোরসালিন নামে এক কিশোরকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, “শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সন্দেহভাজন হিসেবে এক কিশোরকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।




আপনার মতামত লিখুন
[gs-fb-comments]