পুরান ঢাকার চকবাজারে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় অবস্থিত একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালের দিকে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ৫টা ২৮ মিনিটের দিকে ছোট কাটরা এলাকার একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। শেষ পর্যন্ত পাঁচটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ১০টা ২২ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ভবনটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তা শাহজাহান শিকদার জানিয়েছেন যে, আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে জনবহুল এই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




আপনার মতামত লিখুন
[gs-fb-comments]