ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ৬০০ শয্যায় উন্নীতের সিদ্ধান্ত, সেবা বাড়াতে আসছে নতুন জনবল ও আধুনিক সুবিধা
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের দীর্ঘদিনের শয্যা সংকট নিরসনে হাসপাতালটিকে ২৫০ শয্যা থেকে ৬০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে চিকিৎসক ও জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৭ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতাল পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, হাসপাতালটি ২৫০ শয্যার হলেও প্রতিদিন প্রায় ৬০০ রোগী ভর্তি থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন। অথচ সরকারি বরাদ্দ এখনও ২৫০ শয্যার হিসাবেই আসছে। এতে রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ ও খাদ্য সরবরাহে চাপ তৈরি হচ্ছে। এ বাস্তবতা বিবেচনায় শয্যা বৃদ্ধি এখন সময়ের দাবি ছিল এবং সে লক্ষ্যে প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
তিনি জানান, হাসপাতালের চিকিৎসক সংকটও প্রকট। ৮৪টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩৩ জন চিকিৎসক। দ্রুত শূন্য পদ পূরণ, প্রয়োজনীয় টেকনিশিয়ান নিয়োগ এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে আইসিইউ, সিটি স্ক্যান, এমআরআই ও আধুনিক মর্গ স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি চিকিৎসা বর্জ্য নিরাপদে অপসারণের জন্য ইনসিনারেটর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা খুব শিগগিরই চালু হবে বলে আশা প্রকাশ করেন।
ঠাকুরগাঁও মেডিকেল কলেজ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কলেজের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে হাসপাতালের পুরোনো ভবনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি ও পাঠদান কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়। জনগণের সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।
নারী ও শিশু নির্যাতন দমন এবং মাদক নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, এসব অপরাধ দমনে আইন আরও কঠোর করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও জোরদার করা হয়েছে।
মতবিনিময় সভায় হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী।



আপনার মতামত লিখুন