‘জুলাইযোদ্ধা’দের সঙ্গে বৈঠক করল জাতীয় ঐকমত্য কমিশন
সংগৃহীত ছবি
‘জুলাইযোদ্ধা’দের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার (২০ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে ১৭ অক্টোবর জাতীয় সংসদ এলাকায় সংঘটিত বিশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, এবং জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
জুলাইযোদ্ধারা কমিশনকে জানান, স্বাস্থ্য কার্ড থাকা সত্ত্বেও তারা কোরবানি ঈদের পর থেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা আহত জুলাইযোদ্ধাদের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে দেশের সব হাসপাতালে একটি লিখিত নির্দেশনা পাঠানোর দাবি জানান।
এছাড়া জুলাই পরিবারের সদস্যদের আইনি সুরক্ষা নিশ্চিত ও প্রত্যেক জুলাইযোদ্ধাকে একটি নির্দিষ্ট পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদানের বিষয়েও জোর দেন তারা।
বৈঠকে জুলাইযোদ্ধারা ১৭ অক্টোবরের ঘটনার প্রসঙ্গ তুলে ধরে বলেন, ঘটনাটি তাদের জন্য সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল। তারা জানান, সংসদের দক্ষিণ প্লাজায় তারা কোনো প্রকার সহিংসতা ঘটাতে যাননি; বরং নিজেদের ন্যায্য দাবি উপস্থাপন করতেই সেখানে উপস্থিত হয়েছিলেন।
তাদের দাবি, ওই সময় কিছু বহিরাগত ব্যক্তি সেখানে অনুপ্রবেশ করে ভাঙচুর ও সংঘর্ষে জড়িত হয়, যাদের মধ্যে ২০ থেকে ২৫ জনের পরিচয় তারা শনাক্ত করেছেন।
ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জুলাইযোদ্ধারা কমিশনের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং চারটি মামলা প্রত্যাহারে সহায়তা চান।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জুলাইযোদ্ধাদের উত্থাপিত সব দাবি গুরুত্বসহকারে বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
বৈঠকে জুলাইযোদ্ধাদের ১৩ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন—
মো. সোহাগ মাহমুদ, কামরুল হাসান, মো. আল-আমিন, মুস্তাঈন বিল্লাহ হাবিবী, হাসিবুল হাসান জিসান, মারুফা মায়া, আহাদুল ইসলাম, মাজেদুল হক শান্ত, মো. সাগর উদ্দিন, মো. দুলাল খান, মো. নাহিদুজ্জামান, ইমরান খান এবং নুসরাত জাহান।




আপনার মতামত লিখুন
[gs-fb-comments]