ভ্রমণসঙ্গী হওয়াই নতুন পেশা: চীনে জনপ্রিয় হচ্ছে ট্রাভেল কম্প্যানিয়ন
ভ্রমণপ্রিয় মানুষের কাছে নতুন জায়গা ঘুরে দেখা এক পরম আনন্দের। তবে একা ভ্রমণ অনেকের কাছেই ঝক্কির মনে হতে পারে। বিশেষ করে অপরিচিত দেশে বা শহরে একা চলাচলের ক্ষেত্রে নিরাপত্তার উদ্বেগ কিংবা একাকীত্ব কাজ করে। এই সমস্যার সমাধান হিসেবে চীনে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে ট্রাভেল কম্প্যানিয়ন বা পেশাদার ভ্রমণসঙ্গী হিসেবে কাজ করার বিষয়টি। যারা শখ হিসেবে বিভিন্ন স্থানে ঘুরতে ভালোবাসেন, এখন তাদের অনেকেই এই শখকে পেশা হিসেবে বেছে নিয়েছেন।
যারা বিমানে বা ট্রেনে ভ্রমণে স্বাচ্ছন্দ্য বোধ করেন না কিংবা যাদের ভ্রমণে বিশেষ শারীরিক বা মানসিক সহায়তা প্রয়োজন, তাদের ভরসা এখন এই পেশাদার সঙ্গীরা। নিয়োগকারী বা ভ্রমণপিপাসুদের চাহিদা অনুযায়ী তারা গন্তব্যে পৌঁছে দেওয়া থেকে শুরু করে ভ্রমণের পুরো সময়টিতে সঙ্গ দেন। বিনিময়ে তারা পাচ্ছেন আকর্ষণীয় পারিশ্রমিক। কেবল টাকাই নয়, এই পেশার সবচেয়ে বড় আকর্ষণ হলো বিভিন্ন দেশ ও শহর ঘুরে দেখার সুযোগ। নিয়োগকারীর পক্ষ থেকে থাকা, খাওয়া এবং যাতায়াতের যাবতীয় খরচ বহন করা হয়। ফলে একদিকে যেমন ভ্রমণের শখ পূরণ হচ্ছে, অন্যদিকে আয়ের একটি চমৎকার মাধ্যমও তৈরি হয়েছে।
বিশেষ করে চীনের কর্মঠ তরুণদের কাছে এটি এখন দ্রুত জনপ্রিয় একটি ক্যারিয়ার হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে ভ্রমণসঙ্গীরা শুধু সঙ্গই দেন না, তারা গাইড হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্থানীয় ভাষা ও সংস্কৃতি জানা থাকায় অচেনা পরিবেশে পর্যটকদের পথ চলতে সাহায্য করেন তারা। কেউ হয়তো একা ভ্রমণে ভয় পান, আবার কেউ দীর্ঘ যাত্রাপথে একঘেয়েমি কাটাতে সঙ্গ খোঁজেন। এই সব চাহিদাই পূরণ করছেন ট্রাভেল কম্প্যানিয়নরা। প্রযুক্তি ও বিশ্বায়নের এই যুগে মানুষের জীবনযাত্রার ধরণ যেভাবে পাল্টাচ্ছে, তার এক উজ্জ্বল উদাহরণ এই নতুন পেশা। শখের ভ্রমণের পাশাপাশি অর্থ উপার্জনের এই অভিনব উপায়টি ভ্রমণ শিল্পের নতুন এক দিগন্ত উন্মোচন করেছে।




আপনার মতামত লিখুন
[gs-fb-comments]