ডিসেম্বরে আসছে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা
বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে একটি মাইলফলক হতে যাচ্ছে আগামী ডিসেম্বর মাস। দীর্ঘদিন ধরে পর্যটন সংশ্লিষ্ট অংশীজন এবং নীতি-নির্ধারকদের দাবির প্রেক্ষিতে সরকার একটি সমন্বিত ও সুদূরপ্রসারী জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরেই প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই মহাপরিকল্পনাটি উদ্বোধন করবেন। এই উদ্যোগের মাধ্যমে দেশের পর্যটন খাতে এক নতুন যুগের সূচনা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্রগুলো নিশ্চিত করেছে যে, এই মহাপরিকল্পনার মূল লক্ষ্য হলো দেশের পর্যটন অবকাঠামোকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং পর্যটন কেন্দ্রিক একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা। সরকার মনে করছে, পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে দেশের জিডিপিতে এর অবদান বহুগুণ বেড়ে যাবে। শুধু তাই নয়, এর মাধ্যমে স্থানীয় কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে, যা অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।
পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য সরকার প্রায় ১৫০০টি বিভিন্নমুখী উন্নয়ন কৌশল নির্ধারণ করেছে বলে জানা গেছে। এই কৌশলগুলোর মধ্যে অন্যতম হলো পর্যটন কেন্দ্রগুলোর আধুনিকায়ন, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, হোটেল-মোটেলে সেবার মান বৃদ্ধি এবং পর্যটন খাতে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা। এছাড়া, পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবেশকে অক্ষুণ্ণ রেখে কীভাবে পর্যটন খাতের বিকাশ ঘটানো যায়, তার একটি সুস্পষ্ট রূপরেখা এই মহাপরিকল্পনায় থাকবে বলে আশা করা হচ্ছে।
পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী ও উদ্যোক্তারা প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, একটি পরিকল্পিত উন্নয়নের অভাবে এতদিন দেশের পর্যটন সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে পর্যটন কেন্দ্রগুলো আরও আকর্ষণীয় হয়ে উঠবে এবং দেশি-বিদেশি পর্যটকদের আগমন বাড়বে। এটি পর্যটন খাতের বিশৃঙ্খলা কমিয়ে একটি সুশৃঙ্খল ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করবে।
উদ্বোধনের পর থেকেই মহাপরিকল্পনার কাজ পুরোদমে শুরু হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ইতোমধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করার জন্য প্রস্ততি গ্রহণ করেছে। ধাপে ধাপে এই মহাপরিকল্পনার প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে, যার ফলে দেশের প্রান্তিক অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোও মূলধারার উন্নয়নের আওতায় আসবে। সরকারের এই পদক্ষেপকে পর্যটন শিল্পের ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। এখন কেবল প্রধানমন্ত্রী কর্তৃক মহাপরিকল্পনাটির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে পুরো পর্যটন খাত।




আপনার মতামত লিখুন
[gs-fb-comments]