ভূল্লীতে মাদক ও জুয়া প্রতিরোধ কমিটি গঠন সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি: সমাজ থেকে মাদক ও জুয়া নির্মূলের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নে মাদক ও জুয়া প্রতিরোধ কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার ২নং বালিয়া ইউনিয়নের তুরুকপথা বাজারে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনছের আলী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূল্লী থানার সেকেন্ড অফিসার দীন মোহাম্মদ বলেন, মাদক ও জুয়া সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এসময় বক্তব্য রাখেন বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিটন, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি রফিকুল ইসলাম এবং বালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা মাদক ও জুয়ার কুফল তুলে ধরে যুব সমাজকে এসব অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবসমাজ ও সচেতন নাগরিকদের সমন্বয়ে মাদক ও জুয়া প্রতিরোধে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে ভূল্লী থানা এবং ২নং বালিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।



আপনার মতামত লিখুন