নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ভূল্লীতে নিরাপত্তা জোরদার, চলছে বিশেষ চেকপোস্ট
ঠাকুরগাঁও প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। ভূল্লী থানা পুলিশের উদ্যোগে গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথগুলোতে বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সোমবার (২২ জুন) বিকেল থেকে ভূল্লী-ঠাকুরগাঁও আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। এ সময় ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই এবং সন্দেহভাজনদের পরিচয় নিশ্চিত করা হয়।

ভূল্লী থানা সূত্রে জানা যায়, থানা অফিসার ইনচার্জ (ওসি)- নূরে আলম সিদ্দিকী এর নির্দেশক্রমে জননিরাপত্তা নিশ্চিত করতে এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ভূল্লী থানার সেকেন্ড অফিসার দীন মোহাম্মদ বলেন, “জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশের এ তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত তদারকি ও চেকপোস্ট কার্যক্রম জনমনে স্বস্তি ফিরিয়ে আনছে।




আপনার মতামত লিখুন
[gs-fb-comments]