দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নির্মাতা মাতিয়া বানু শুকু, চিকিৎসার সহায়তায় ‘ডুবসাঁতার’
ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং দেশের খ্যাতিমান নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু বর্তমানে দুরারোগ্য ক্যানসার এবং কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ। দীর্ঘ সময় ধরে তিনি জটিল এই শারীরিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থেকে তার চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। এই কঠিন সময়ে তার পাশে দাঁড়াতে এবং চিকিৎসার ব্যয়ভার বহনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।
প্রখ্যাত এই নির্মাতার চিকিৎসার প্রয়োজনে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আগামী ২৮ নভেম্বর, শনিবার, চ্যানেল আইয়ের পর্দায় বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই বিশেষ আয়োজনে চ্যানেলটির পর্দায় প্রদর্শিত হবে প্রশংসিত চলচ্চিত্র ‘ডুবসাঁতার’। বিকেল ৪টা ৪৫ মিনিটে চলচ্চিত্রটি সম্প্রচার করা হবে। চলচ্চিত্রটির বিশেষ এই প্রদর্শনীর মাধ্যমে প্রাপ্ত অর্থ নির্মাতা মাতিয়া বানু শুকুর চিকিৎসা তহবিলে যুক্ত করা হবে বলে জানানো হয়েছে।
মাতিয়া বানু শুকুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সাংস্কৃতিক অঙ্গনে তার সহকর্মী, শুভানুধ্যায়ী এবং শিল্পীদের মাঝে উদ্বেগের ছায়া নেমে এসেছে। তারা সকলে তার দ্রুত আরোগ্য কামনা করছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য নাটক ও চলচ্চিত্র উপহার দিয়েছেন, যা দর্শক হৃদয়ে সমাদৃত হয়েছে। এখন সেই নির্মাতার দুঃসময়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ দর্শকদের সরব অংশগ্রহণ তার চিকিৎসার জন্য বড় একটি মানবিক সহযোগিতা হিসেবে বিবেচিত হবে।




আপনার মতামত লিখুন
[gs-fb-comments]