খুঁজুন
, ,

ভূল্লীতে জ্বালানি তেল কম, হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ জরিমানা ৩৭ হাজার টাকা

মোঃ সুজন আলী
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ
ভূল্লীতে জ্বালানি তেল কম, হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ জরিমানা ৩৭ হাজার টাকা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি ফিলিং স্টেশনকে জ্বালানি তেল পরিমাণে কম দেওয়ার অভিযোগে ৩৫ হাজার টাকা এবং একটি হোটেল-রেস্টুরেন্টকে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে ভূল্লী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ-দৌলা।

অভিযানকালে কুমারপুর এলাকার মেসার্স আলহাজ্ব মনসুর আলী ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। সেখানে জ্বালানি তেল পরিমাণে কম দেওয়ার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ভূল্লী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অবস্থিত অতিথি হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। সেখানে খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় খাবার বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবসা পরিচালনায় নিয়ম-কানুন মেনে চলা, সঠিক পরিমাপে পণ্য সরবরাহ এবং খাদ্যপণ্যের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

কর্তৃপক্ষ জানায়, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে ভূল্লী থানা পুলিশের সহযোগিতা ছিল। অভিযানের পর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

মোঃ সুজন আলী
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
   
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে বিএনপি ও ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন।

সোমবার (২১ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম তাদের হাতে মনোনয়নপত্র তুলে দেন।

বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহকারী মো. নূর-এ-শাহাদাত স্বজন বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে জনগণের কাছে যেতে চায়। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে মির্জা ফয়সল আমিন নির্বাচনে অংশ নিচ্ছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে আমরা আশা করি।

জামায়াত প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের প্রতিনিধি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ বলেন, আমরা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চাই। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যেন নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দুইজন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসনটি ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত।

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে জলপাই কুড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মোঃ সুজন আলী
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
   
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে জলপাই কুড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুকুরের পানিতে ডুবে ইউসুফ আলী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সাসলাপিয়ালা (মাদ্রাসাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী ওই গ্রামের আব্দুল হালিমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ইউসুফের বাবা খাওয়া-দাওয়া শেষে দোকানে চলে যান। এ সময় তার মা বাড়ির সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের সদস্যদের অজান্তে ইউসুফ বাড়ির পাশের পুকুরপাড়ে জলপাই কুড়াতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায়।

পুকুরের পাশে কওমি মাদ্রাসার নির্মাণকাজে থাকা রাজমিস্ত্রি লাবলু হোসেন শিশুটিকে পানিতে পড়ে যেতে দেখে চিৎকার করেন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের সহযোগিতায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ বা সন্দেহের কথা জানানো হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না’—মির্জা ফয়সল আমিন

মোঃ সুজন আলী
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
   
শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না’—মির্জা ফয়সল আমিন

মোঃ সুজন আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ভূল্লী উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ভূল্লী উপজেলা শাখার সভাপতি মনোরঞ্জন বর্মন।

বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাফরুল্লাহ, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আঃ হামিদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সভাপতি মনোরঞ্জন সিং এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর কুমার দত্ত।

এ ছাড়া উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঠাকুরগাঁও জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. জুলফিকার আলী ভুট্টো, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. নাজিমুল ইসলাম লাল এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ভূল্লী উপজেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার রায়, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রিস আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় ভূল্লী উপজেলার পাঁচটি ইউনিয়নের ৬৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা অংশ নেন। দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যা ও প্রস্তুতির বিষয় তুলে ধরেন তারা। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ প্রায় ৪০০ থেকে ৪৫০ জন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফয়সল আমিন বলেন, পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিদের বিভিন্ন সমস্যার কথা তিনি শুনেছেন। তিনি তাঁর বড় ভাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে সবাইকে আগাম শারদীয় শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘আপনারা বাংলাদেশের গর্বিত নাগরিক। সামনে শারদীয় দুর্গোৎসব অনেক আনন্দের মধ্য দিয়ে পালন করব, ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে একটি ছোট্ট জিনিস চাই—আপনারা মনোবল ভাঙবেন না।’

মির্জা ফয়সল আমিন আরও বলেন, ‘৫ আগস্ট ২০২৪-এর পর আপনারা অনেক ভীত-সন্ত্রস্ত অবস্থায় ছিলেন। তখন আমি আপনাদের সাহস দেওয়ার চেষ্টা করেছি। আমার বাসা যে এলাকায়, সেই জায়গার নাম কালিবাড়ি। ছোটবেলায় দেখতাম, আমার বাসার সামনে একটি জবা ফুলের গাছ ছিল। আপনাদের সম্প্রদায়ের অনেকেই সেখান থেকে ফুল নিয়ে পূজা করতেন। তেমনি আপনাদের বাড়ির তুলসী পাতার রস খেয়ে আমার জ্বর ভালো হয়েছে।’

তিনি বলেন, ‘আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না।’ আগামী ২৯ অক্টোবরের প্রসঙ্গ তুলে তিনি উপস্থিতদের উদ্দেশে বলেন, ‘যদি আমি আপনাদের হয়ে থাকি, তাহলে আগামী ২৯-১০-২০২৬ তারিখে প্রমাণ করে দেখাবেন।’

পরে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ‘সোনার ও স্বপ্নের বাংলাদেশ’ গড়ে তোলার আহ্বান জানান এবং উপস্থিত সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা জানান।