টিকটকে পরিচয়, মালয়েশিয়া থেকে যশোরে এসে বিয়ের পিঁড়িতে তরুণী
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়ের সূত্র ধরে সুদূর মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটে এসে বিয়ের পিঁড়িতে বসলেন মালয়েশিয়ান তরুণী নূর হায়াতি। ভালোবেসে ঘর বাঁধার টানে নিজের দেশ ও পরিবার ছেড়ে তিনি পাড়ি জমিয়েছেন যশোরের শার্শা উপজেলায়। এই প্রেমের গল্পের নায়ক স্থানীয় যুবক সোহাগ। দীর্ঘ ১৫ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটানোর পর সম্প্রতি দেশে ফিরেছিলেন তিনি। বর্তমানে তিনি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামে নিজের বাড়িতে বসবাস করছেন।
জানা গেছে, প্রবাসে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে নূর হায়াতির সঙ্গে পরিচয় হয় সোহাগের। সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিচয় থেকে গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক। প্রায় ছয় মাস ধরে চলতে থাকা এই সম্পর্কের টানেই শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নেন তারা। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে মালয়েশিয়া থেকে নিজের বাবা-মাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে এসেছেন নূর হায়াতি।
দুই পরিবারের সম্মতিতে এবং ধর্মীয় রীতি মেনে সম্পন্ন হয়েছে তাদের বিবাহ। বিদেশী এই তরুণীকে পুত্রবধূ হিসেবে পেয়ে সোহাগের পরিবারও বেশ আনন্দিত। স্থানীয় পর্যায়ে এই ঘটনাটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। কৌতূহলী এলাকাবাসী এই নতুন দম্পতিকে এক নজর দেখতে ভিড় করছেন সোহাগের বাড়িতে। বিদেশী তরুণীর এমন সাহসী সিদ্ধান্ত এবং ভালোবাসার প্রতি অটুট বিশ্বাসের প্রশংসা করছেন অনেকেই। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে এখন নতুন জীবনের পথে হাঁটা শুরু করেছেন এই দম্পতি। প্রবাস জীবনে একাকী কাটানো সোহাগের জীবনে মালয়েশিয়ান এই তরুণীর আগমনকে ঘিরে তাদের স্বজনরাও নতুন স্বপ্ন দেখছেন।




আপনার মতামত লিখুন
[gs-fb-comments]