খুঁজুন
, ,

জমি নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, দেবীপুর ছাত্রদল সভাপতি রিয়নসহ আটক ৩

মোঃ সুজন আলী
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
জমি নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, দেবীপুর ছাত্রদল সভাপতি রিয়নসহ আটক ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার দেবীপুর ইউনিয়নের মুজাবর্ণী ডাঙ্গাপাড়া এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দেবীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন রিয়নসহ তিনজনকে আটক করেছে ভূল্লী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে বিরোধপূর্ণ জমির ধান নিয়ে আসাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট পক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মুজাবর্ণী ডাঙ্গাপাড়ার মোঃ দারাজ উদ্দিন (শুকরু) এবং একই এলাকার মোঃ হামিদুল ইসলামসহ ২৭ জনের মধ্যে এসএ খতিয়ান নম্বর ২২-এর ৯১, ৯২, ৯৩ ও ১০০ নম্বর দাগের মোট ১ একর ৪৬ শতক জমি নিয়ে ২০২৪ সাল থেকে বিরোধ চলে আসছে।

এ বিরোধের জেরে দারাজ উদ্দিন বাদী হয়ে হামিদুল ইসলামসহ ২৭ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ আদালতে দেওয়ানি ২১/২০২৪ নম্বর বাটোয়ারা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

মোঃ দারাজ উদ্দিন (শুকরু) পক্ষের দাবি, জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় দ্বিতীয় পক্ষ তাদের বিরুদ্ধে ধান চুরির মামলা দায়ের করে। অথচ বিরোধপূর্ণ জমিতে ধান থাকার বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। প্রথম পক্ষের লোকজনের প্রশ্ন, তাদের বিরুদ্ধে ধান চুরির অভিযোগ থাকলে সেই ধান জমিতে থাকার কথা। এরপরও দ্বিতীয় পক্ষের লোকজন ধান নিতে আসায় তারা বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দ্বিতীয় পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিরোধপূর্ণ সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখা এবং বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রথম পক্ষকে নির্দিষ্ট জমিতে প্রবেশ না করার নির্দেশ দেন আদালত।

মোঃ দারাজ উদ্দিন (শুকরু) পক্ষের অভিযোগ, বৃহস্পতিবার দ্বিতীয় পক্ষের লোকজন দেবীপুর ইউনিয়ন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিরোধপূর্ণ জমি থেকে ধান আনতে গেলে তারা বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ কয়েকজন আহত হন।

খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেবীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন রিয়ন (৩০), সহসভাপতি মোঃ মাসুম (৩১) এবং মোঃ সুমন রানা (২৯) নামে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

আহতদের মধ্যে দারাজ উদ্দিন (শুকরু) পক্ষের মোঃ শিমুল (১৯), মোনোয়ারা (৩৫), আশরাফ আলী (৫০), আবু সাঈম (২২) ও রাকিব (৮) রয়েছেন। তাঁদের সবার বাড়ি দেবীপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায়। তাঁরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে হামিদুল ইসলাম পক্ষের নুর ইসলাম (৩৮), হাফু (৫০), লাবলী (৩৩) ও নুর নেহার (৪০) আহত হয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, একই জমি নিয়ে গত ২২ জুলাই ২০২৬ তারিখেও দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় দ্বিতীয় পক্ষের দায়ের করা অভিযোগে ভূল্লী থানায় ১১ নম্বর মামলা (তারিখ ২২-০৭-২০২৬) করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩৪১/৩২৩/৩২৪ /৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৫০৬/১১৪ ধারার উল্লেখ রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

স্থানীয়দের দাবি, বিরোধপূর্ণ জমির মূল মালিকানা দুই পক্ষের দাদা ও পিতার নামে সিএস ও এসএ খতিয়ানে রয়েছে। ফলে জমির মালিকানা ও বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি সুমন ইসলাম বলেন, “ব্যক্তিগতভাবে কেউ দলীয় পদ ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার দায়ভার দল নেবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে ভূল্লী থানার সেকেন্ড অফিসার রাশেদুল ইসলাম রাশেদ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে অভিযোগ ও প্রাপ্ত তথ্য যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এলাকায় যেন নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা: মাঝ-আকাশে যাত্রীদের আতঙ্ক ও জরুরি অবতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ
   
উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা: মাঝ-আকাশে যাত্রীদের আতঙ্ক ও জরুরি অবতরণ

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় মাঝ-ফ্লাইটে এক যাত্রীর অস্বাভাবিক আচরণে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রী মাঝ-আকাশে উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা করলে পুরো বিমানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ফ্লাইটটি নিরাপদে অ্যারিজোনার ফিনিক্সে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

সূত্র থেকে জানা গেছে, ফ্লাইট ১৪৯৪ সান ডিয়েগো থেকে শিকাগোর উদ্দেশ্যে যাত্রা করেছিল। বিমানটি আকাশে থাকা অবস্থায় এক যাত্রী হঠাৎ করেই বিমানের দরজা খোলার অপচেষ্টা শুরু করেন। তার এমন আচরণের কারণে সহযাত্রীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। বিমানের নিরাপত্তা ও যাত্রীদের জীবন রক্ষার্থে ক্রু সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

এক পর্যায়ে ক্রু এবং অন্যান্য যাত্রী মিলে ওই ব্যক্তিকে নিবৃত্ত করার জন্য ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। বেশ কিছুক্ষণ উত্তপ্ত পরিস্থিতির পর অভিযুক্ত যাত্রীকে কাবু করতে সক্ষম হন বিমান কর্মীরা। এই ঘটনার পর ফ্লাইটটি গতিপথ পরিবর্তন করে অ্যারিজোনার ফিনিক্স বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমান সংস্থাটি নিশ্চিত করেছে যে, ওই যাত্রী উচ্ছৃঙ্খল আচরণ করায় ক্রুরা তাদের প্রোটোকল মেনে ব্যবস্থা নেন। জরুরি অবতরণের পর স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্ত যাত্রীকে হেফাজতে নিয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মাঝ-আকাশে এমন ঘটনার পর ওই ফ্লাইটের যাত্রীরা আতঙ্কিত থাকলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমান নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে।

পল্লবীতে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ
   
পল্লবীতে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড

ঢাকার পল্লবী এলাকায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা প্রায় ৭টা ২০ মিনিটে মধুমতি পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটনাস্থল ছিল মিরপুর‑১১ নম্বরের বিহারি মিল্লাত ক্যাম্পের সংলগ্ন পার্কিং এলাকা, যেখানে বাসটি পার্ক করা অবস্থায় অগ্নি শিখা ধরেছে।

স্থানীয় সূত্র অনুযায়ী, অগ্নি শিখা কোনো প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং অজানা ব্যক্তিরা বাসের ভিতরে প্রবেশ করে ইচ্ছাকৃতভাবে আগুন জ্বালিয়েছেন। আগুন দ্রুত ছড়িয়ে বাসের অধিকাংশ আসন ও জানালার কাচ পুড়ে গিয়ে ধ্বংস হয়ে যায়। তবে, ঘটনায় কোনো আহতের খবর পাওয়া যায়নি এবং বাসে উপস্থিত কোনো যাত্রী বা কর্মীকে ক্ষতি হয়নি।

পল্লবী থানার ওয়ানডি অফিসার জালাল উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে জানান, “প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, বাসটি পার্ক করা অবস্থায়ই অগ্নিকাণ্ড ঘটেছে। দায়িত্বশীলদের সনাক্ত করার জন্য তদন্ত চলছে।” তিনি আরও উল্লেখ করেন, “দুর্বৃত্তদের দ্বারা ইচ্ছাকৃতভাবে করা এই অগ্নিকাণ্ডের জন্য যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

অগ্নি নিভাতে স্থানীয় ফায়ার সার্ভিসের দল দ্রুত পৌঁছায় এবং প্রায় এক ঘন্টার মধ্যে আগুন নিভিয়ে দেয়। পরবর্তীতে, বাসের ক্ষতিগ্রস্ত অংশগুলোকে রিকভারি করে নিরাপত্তা রক্ষার জন্য স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশে স্থানান্তর করা হয়।

এই ঘটনার পর, পল্লবী এলাকার বাস ও পার্কিং নিরাপত্তা নিয়ে স্থানীয় বাস সেবা প্রদানকারী সংস্থাগুলোকে সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে পার্কিং এলাকায় নজরদারি বাড়ানো এবং নিরাপত্তা ক্যামেরা স্থাপন করা হবে।

রোহিঙ্গা গণহত্যা রায়ের নির্দিষ্ট অংশ প্রত্যাখ্যানের ঘোষণা মিয়ানমার জান্তা প্রধানের

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
   
রোহিঙ্গা গণহত্যা রায়ের নির্দিষ্ট অংশ প্রত্যাখ্যানের ঘোষণা মিয়ানমার জান্তা প্রধানের

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত রায়ের বিষয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। গত সপ্তাহে আদালত এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মিয়ানমারের পরবর্তী পদক্ষেপ। অবশেষে বুধবার একটি আনুষ্ঠানিক বৈঠকে দেশটির ক্ষমতাধর এই নেতা ঘোষণা দিয়েছেন যে, আন্তর্জাতিক আদালতের রায়ের যেসব বিষয় মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির সাথে সংগতিপূর্ণ নয় বা যেগুলোকে তারা অনুপযুক্ত বলে মনে করছে, তা কার্যকর করা হবে না।

সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিচারিক এই রায়ের সব নির্দেশনা মেনে চলার বাধ্যবাধকতা মিয়ানমার অনুভব করছে না। বিশেষ করে দেশের সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো নির্দেশনা প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছেন তিনি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, বৈঠকে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ ও আইসিজে-এর সিদ্ধান্তকে একপাক্ষিক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন।

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে চালানো অভিযানের দায়বদ্ধতা ও গণহত্যার অভিযোগ নিয়ে মিয়ানমারের সামরিক জান্তা দীর্ঘদিন ধরেই অস্বীকার করে আসছে। আন্তর্জাতিক আদালতের সাম্প্রতিক রায় মিয়ানমারের সেই অবস্থানকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তবে মিন অং হ্লাইংয়ের এই নতুন ঘোষণা স্পষ্টতই আদালতের নির্দেশনাকে অবজ্ঞা করার ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক আদালতের আদেশ উপেক্ষা করার এই সিদ্ধান্ত মিয়ানমারকে বিশ্বমঞ্চে আরও বিচ্ছিন্ন করে তুলতে পারে। তবে জান্তা সরকার অভ্যন্তরীণভাবে নিজেদের অবস্থান শক্ত করতে ও কঠোর নীতি বজায় রাখতেই এই কৌশলী অবস্থান গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ
উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা: মাঝ-আকাশে যাত্রীদের আতঙ্ক ও জরুরি অবতরণ পল্লবীতে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড রোহিঙ্গা গণহত্যা রায়ের নির্দিষ্ট অংশ প্রত্যাখ্যানের ঘোষণা মিয়ানমার জান্তা প্রধানের শহীদ কাপুরের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন আদিতি চীনের তীব্র বিরোধিতা সত্ত্বেও ১৪ দেশের ওপর নতুন মার্কিন শুল্কের আভাস বিস্ফোরক মামলায় ঝিনাইদহ-৪ আসনের প্রয়াত এমপির মেয়ে ডরিন তিন দিনের রিমান্ডে জাতীয় প্রাণিসম্পদ স্বর্ণ পদক পেলেন মন্ত্রীর প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ মিস ইউনিভার্স ২০২৬ নিয়ে বিতর্ক: ফলাফল কি পাতানো ছিল? জমি নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, দেবীপুর ছাত্রদল সভাপতি রিয়নসহ আটক ৩ বিস্ফোরক মামলায় কারাগারে মোহনা টিভির সাবেক সিইও তছলিম চৌধুরী