ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার দেবীপুর ইউনিয়নের মুজাবর্ণী ডাঙ্গাপাড়া এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দেবীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন রিয়নসহ তিনজনকে আটক করেছে ভূল্লী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে বিরোধপূর্ণ জমির ধান নিয়ে আসাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট পক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মুজাবর্ণী ডাঙ্গাপাড়ার মোঃ দারাজ উদ্দিন (শুকরু) এবং একই এলাকার মোঃ হামিদুল ইসলামসহ ২৭ জনের মধ্যে এসএ খতিয়ান নম্বর ২২-এর ৯১, ৯২, ৯৩ ও ১০০ নম্বর দাগের মোট ১ একর ৪৬ শতক জমি নিয়ে ২০২৪ সাল থেকে বিরোধ চলে আসছে।
এ বিরোধের জেরে দারাজ উদ্দিন বাদী হয়ে হামিদুল ইসলামসহ ২৭ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ আদালতে দেওয়ানি ২১/২০২৪ নম্বর বাটোয়ারা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
মোঃ দারাজ উদ্দিন (শুকরু) পক্ষের দাবি, জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় দ্বিতীয় পক্ষ তাদের বিরুদ্ধে ধান চুরির মামলা দায়ের করে। অথচ বিরোধপূর্ণ জমিতে ধান থাকার বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। প্রথম পক্ষের লোকজনের প্রশ্ন, তাদের বিরুদ্ধে ধান চুরির অভিযোগ থাকলে সেই ধান জমিতে থাকার কথা। এরপরও দ্বিতীয় পক্ষের লোকজন ধান নিতে আসায় তারা বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দ্বিতীয় পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিরোধপূর্ণ সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখা এবং বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রথম পক্ষকে নির্দিষ্ট জমিতে প্রবেশ না করার নির্দেশ দেন আদালত।
মোঃ দারাজ উদ্দিন (শুকরু) পক্ষের অভিযোগ, বৃহস্পতিবার দ্বিতীয় পক্ষের লোকজন দেবীপুর ইউনিয়ন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিরোধপূর্ণ জমি থেকে ধান আনতে গেলে তারা বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ কয়েকজন আহত হন।
খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেবীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন রিয়ন (৩০), সহসভাপতি মোঃ মাসুম (৩১) এবং মোঃ সুমন রানা (২৯) নামে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
আহতদের মধ্যে দারাজ উদ্দিন (শুকরু) পক্ষের মোঃ শিমুল (১৯), মোনোয়ারা (৩৫), আশরাফ আলী (৫০), আবু সাঈম (২২) ও রাকিব (৮) রয়েছেন। তাঁদের সবার বাড়ি দেবীপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায়। তাঁরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে হামিদুল ইসলাম পক্ষের নুর ইসলাম (৩৮), হাফু (৫০), লাবলী (৩৩) ও নুর নেহার (৪০) আহত হয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, একই জমি নিয়ে গত ২২ জুলাই ২০২৬ তারিখেও দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় দ্বিতীয় পক্ষের দায়ের করা অভিযোগে ভূল্লী থানায় ১১ নম্বর মামলা (তারিখ ২২-০৭-২০২৬) করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩৪১/৩২৩/৩২৪ /৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৫০৬/১১৪ ধারার উল্লেখ রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
স্থানীয়দের দাবি, বিরোধপূর্ণ জমির মূল মালিকানা দুই পক্ষের দাদা ও পিতার নামে সিএস ও এসএ খতিয়ানে রয়েছে। ফলে জমির মালিকানা ও বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি সুমন ইসলাম বলেন, “ব্যক্তিগতভাবে কেউ দলীয় পদ ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার দায়ভার দল নেবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে ভূল্লী থানার সেকেন্ড অফিসার রাশেদুল ইসলাম রাশেদ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে অভিযোগ ও প্রাপ্ত তথ্য যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এলাকায় যেন নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ । ৬:৪৭ অপরাহ্ণ