বালিয়াডাঙ্গীতে ৫০ অসচ্ছল নারী ও কিশোরী পেলেন বিনামূল্যে সেলাই মেশিন ও ব্যবসায়িক উপকরণ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:গ্রামীণ অসচ্ছল ও ঝুঁকিপূর্ণ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫০ জন নারী ও কিশোরীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও ব্যবসায়িক উপকরণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে দেওয়া হয়েছে তিন মাসব্যাপী প্রশিক্ষণ।
নারীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পারিবারিক অর্থনৈতিক অবস্থার উন্নয়নে কাজ করছে WBS ও GRT। এরই ধারাবাহিকতায় বালিয়াডাঙ্গী উপজেলায় অসচ্ছল ও ঝুঁকিপূর্ণ পরিবারের ৫০ জন নারী ও কিশোরীকে নিয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
উদ্যোগের আওতায় নির্বাচিত নারীদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে সেলাইয়ের বিভিন্ন ব্যবহারিক কৌশল, পোশাক তৈরির পদ্ধতি, পণ্যের মান উন্নয়ন, বিপণন এবং ক্ষুদ্র ব্যবসা পরিচালনার বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে তারা যাতে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে বাড়িতে বসেই আয় করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রশিক্ষণ শেষে উপকারভোগীদের প্রত্যেককে বিনামূল্যে সেলাই মেশিনের পাশাপাশি সেলাইয়ের প্রয়োজনীয় সরঞ্জাম ও ব্যবসায়িক উপকরণ দেওয়া হয়। এসব উপকরণের মধ্যে রয়েছে চেয়ার, টেবিল, কাঁচি, মাপার ফিতা, সুতা ও কাপড়সহ প্রয়োজনীয় সামগ্রী। ফলে প্রশিক্ষণ গ্রহণের পর তাদের আর কাজ শুরুর জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের বাড়তি চাপ নিতে হবে না। বরং প্রাপ্ত উপকরণ কাজে লাগিয়ে নিজ বাড়িতে সেলাইয়ের কাজ কিংবা ক্ষুদ্র ব্যবসা শুরু করতে পারবেন তারা।
উপকারভোগী নারীরা জানান, আগে অর্থের অভাবে অনেকের পক্ষেই সেলাই মেশিন কেনা কিংবা কোনো কাজ শুরু করা সম্ভব হয়নি। তিন মাসের প্রশিক্ষণ এবং বিনামূল্যে সেলাই মেশিন ও প্রয়োজনীয় উপকরণ পেয়ে তারা নতুন করে স্বপ্ন দেখছেন। এখন নিজেদের কাজের মাধ্যমে আয় করে পরিবারের আর্থিক সংকট দূর করার পাশাপাশি সন্তানদের পড়াশোনা ও সংসারের খরচে সহযোগিতা করতে পারবেন বলে আশা করছেন তারা।
আয়োজকরা জানান, শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, নারীদের দীর্ঘমেয়াদে স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রশিক্ষণের পাশাপাশি কাজ শুরুর প্রয়োজনীয় উপকরণ দেওয়ায় উপকারভোগীরা নিজেদের দক্ষতাকে আয়মূলক কাজে রূপান্তর করতে পারবেন। এর মাধ্যমে পরিবারে নারীদের আর্থিক অংশগ্রহণ বাড়বে এবং গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।
তারা আরও জানান, জরুরি মানবিক সহায়তার পাশাপাশি অসচ্ছল নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান এবং দীর্ঘমেয়াদি জীবিকার সুযোগ তৈরির মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, গ্রামীণ নারীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উপকরণ একসঙ্গে প্রদান করা হলে তা তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি দারিদ্র্য বিমোচনেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বালিয়াডাঙ্গীর ৫০ নারী ও কিশোরীর এ উদ্যোগ সেই সম্ভাবনারই একটি উদাহরণ।




আপনার মতামত লিখুন
[gs-fb-comments]