ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ । ৪:০৪ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি (কাজীপাড়া) এলাকায় নার্গিস আক্তার (৩৫) নামে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল আনুমানিক ৭টা থেকে ৭টা ৪৫ মিনিটের মধ্যে নিজ বসতবাড়ির শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহত নার্গিস আক্তার ওই এলাকার মাওলানা কাজী মো. কামরুজ্জামানের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নার্গিস আক্তার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন চিকিৎসকের পাশাপাশি স্থানীয় কবিরাজের মাধ্যমেও তাঁর চিকিৎসা করানো হয়েছিল। এর আগেও তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।

ঘটনার দিন ভোরে তাঁর স্বামী ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান। নামাজ শেষে বাড়িতে ফিরে স্ত্রীকে নামাজের জন্য ডেকে দিয়ে প্রতিদিনের মতো হাঁটতে বের হন। পরে সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে বাড়িতে ফিরে স্ত্রীর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান।ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় নার্গিসকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁকে নিচে নামানো হলে মৃত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন