সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্যে এমআরইউ’র উদ্বেগ ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ । ৬:৫৬ অপরাহ্ণ

সাংবাদিকদের পেশাদারিত্ব ও সততা নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দেওয়া বক্তব্যে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)। একই সঙ্গে বক্তব্যটি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৬ অক্টোবর) পুরান ঢাকার চকবাজারে একটি অনুষ্ঠানে আইজিপির দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে পাঠানো এমআরইউর দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাতের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট করে মন্তব্য করা হলে তা সাংবাদিক সমাজের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে। মাদক কারবার, অপরাধ, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের অন্যতম পেশাগত দায়িত্ব। কোনো সংবাদ বা প্রতিবেদন নিয়ে আপত্তি থাকলে তা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তুলে ধরা যেতে পারে। তবে ঢালাওভাবে সাংবাদিকদের পেশাদারিত্ব ও সততা নিয়ে প্রশ্ন তোলা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের প্রতি জনসাধারণের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এমআরইউ মনে করে, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত ও নিষ্পত্তি করা উচিত। ব্যক্তিবিশেষের কর্মকাণ্ডের দায় সামগ্রিকভাবে সাংবাদিক সমাজের ওপর চাপানো সমীচীন নয়।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উভয়ই নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। তাই দুই পক্ষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, পেশাগত দায়িত্বশীলতা ও সহযোগিতার পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এমআরইউ আইজিপির বক্তব্যটি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও স্বাধীন সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল বক্তব্য প্রদানের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন