উপনির্বাচন ঘিরে ভূল্লীতে বিসিডিএসের ঔষধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ । ৭:১৭ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ঔষধ ব্যবসায়ী ও স্থানীয় বাজার কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১টায় ভূল্লী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) নেতৃবৃন্দ এবং স্থানীয় ঔষধ ব্যবসায়ীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভূল্লী পল্লী ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান লিটন।

সভায় বক্তব্যে মির্জা আবু তাহের বলেন, আসন্ন উপনির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। গত নির্বাচনের তুলনায় এবার বেশি ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে তিনি ঔষধ ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৯ তারিখের নির্বাচনে তাঁকে বিপুল ভোটে বিজয়ী করতে স্থানীয় পর্যায়ে সবার সহযোগিতা গুরুত্বপূর্ণ।

ভূল্লী উপজেলার উন্নয়ন সম্ভাবনা তুলে ধরে মির্জা আবু তাহের বলেন, উপজেলা প্রতিষ্ঠার ফলে এ অঞ্চলে নতুন নতুন সরকারি প্রতিষ্ঠান স্থাপনের সুযোগ সৃষ্টি হয়েছে। স্কুল-কলেজ, ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ বিভিন্ন সরকারি দপ্তর প্রতিষ্ঠিত হলে স্থানীয় জনগণ নিজ এলাকাতেই প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ পাবেন। এতে শিক্ষা, চিকিৎসা ও প্রশাসনিক কাজে ঠাকুরগাঁও শহরে যাতায়াতের ভোগান্তি কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় বিসিডিএসের সভাপতি ডা. ইহসান ঔষধ ব্যবসায়ীদের সংগঠনের সদস্য হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ব্যবসায়ীদের সমস্যা চিহ্নিত করা, সম্ভাবনা নিয়ে আলোচনা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন বাজারে মতবিনিময় করা হচ্ছে। পাশাপাশি আসন্ন নির্বাচনে সংগঠনের পক্ষ থেকে ১০ শতাংশ ভোট দেওয়ার বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঔষধ ব্যবসার বিভিন্ন দিক তুলে ধরে তিনি দোকানের লাইসেন্স সংরক্ষণ, ব্যবসা পরিচালনার নিয়মকানুন অনুসরণ এবং প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার ওপর গুরুত্ব দেন।

সভায় স্থানীয় বাজার কমিটির প্রতিনিধি, বিসিডিএসের নেতৃবৃন্দ এবং ভূল্লী বাজারের ঔষধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

 

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন