ঠাকুরগাঁওয়ে ভ্যান-সিএনজির সংঘর্ষের পর বাসচাপা, নিহত ১, আহত ১
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ব্যাটারিচালিত ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের পর বাসচাপায় রনজিত (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আসাদুল নামে আরও এক ব্যক্তি আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের খলিশাকুড়ী মুজাবর্নী ছলছলি পাড়ায় মনিরের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনজিত পঞ্চগড়ের বোদা পৌরসভার হিলিপোর্ট এলাকার বাসিন্দা। তিনি মৃত অনন্তের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড়ের বোদা থেকে ঠাকুরগাঁওগামী একটি তিন চাকার ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ভূল্লী বাজার থেকে বোদাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে ভ্যানচালক রনজিত ও আসাদুল ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি অজ্ঞাত বাস রনজিতকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত আসাদুলকে চিকিৎসার জন্য বোদা হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূল্লী থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, দুর্ঘটনার খবর পেয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ । ১:৩৫ পূর্বাহ্ণ