মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, প্রতিমন্ত্রীর দাবি ‘গুজব’

আলোকিত ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ । ১১:৩৮ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে—বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছে তাঁর দপ্তর। রোববার (১৮ অক্টোবর) এক প্রতিবাদ বার্তায় প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এ দাবি করেন।

প্রতিবাদ বার্তায় বলা হয়, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি। তাঁর পদত্যাগের কোনো প্রশ্নও ওঠে না বলে উল্লেখ করা হয়।

বার্তায় আরও বলা হয়, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কাল্পনিক ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রতিবাদ বার্তায় প্রতিমন্ত্রীর আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনাটিও তুলে ধরা হয়। এতে বলা হয়, গতকাল নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটে। এ বিষয়ে প্রতিমন্ত্রী ইতিপূর্বেই তাঁর অবস্থান পরিষ্কার করেছেন বলে দাবি করা হয়।

প্রেস কর্মকর্তা আরও উল্লেখ করেন, ওই ঘটনাকে কেন্দ্র করে প্রতিমন্ত্রীর পদত্যাগসংক্রান্ত খবর প্রচার করা বিভ্রান্তিকর এবং সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী বলে তাঁদের বক্তব্য।

প্রতিবাদ বার্তায় যেসব গণমাধ্যমে এ ধরনের খবর প্রকাশিত হয়েছে, সেগুলো অবিলম্বে প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় অপপ্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) তারিখে দেওয়া প্রতিবাদ বার্তাটিতে স্বাক্ষর করেন মাহফুজ কবির মুক্তা, প্রেস কর্মকর্তা, ইশরাক হোসেন এমপি ও প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন