মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

আলোকিত ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ । ১০:৩৪ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়ার পর এ নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দেশের একাধিক গণমাধ্যম।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসেনকে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দেন বলে সরকার-সংশ্লিষ্ট একাধিক উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে কালবেলা ও সময়ের আলো।

এর আগে শনিবার রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়। অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করে ইশরাক হোসেন দাবি করেন, সম্ভাব্য হামলার আশঙ্কায় আত্মরক্ষার জন্য তিনি অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ব্যবহৃত অস্ত্রটি বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত। অভিযানে মাদকের আস্তানা উচ্ছেদ এবং কয়েকজনকে আটক করার কথাও জানান তিনি।

এদিকে, অস্ত্র হাতে নিয়ে অভিযানে অংশ নেওয়ার ঘটনাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান।

তবে ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে পরবর্তী সরকারি সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন