ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল নারীর মরদেহ

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ । ১১:১৪ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে নিখোঁজের তিন দিন পর মর্জিনা খাতুন (৩০) নামে এক নারীর মরদেহ পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শাসলাপিয়ালা গ্রামে হারুনের বাড়ির পেছনের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মর্জিনা খাতুন ওই গ্রামের মো. আব্দুল কুদ্দুসের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মর্জিনা খাতুন গত ৩ অক্টোবর আসরের নামাজের পর বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে মঙ্গলবার বিকেল ৪টা ৫ মিনিটের দিকে ভূল্লী থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নম্বর-২৫৮।

এর কিছুক্ষণ পর বিকেল সোয়া ৫টার দিকে প্রতিবেশী মোছা. মফিজা খাতুন (৭০) পুকুরের পানিতে একটি মরদেহ দেখতে পান। তার চিৎকারে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন এবং বিষয়টি ভূল্লী থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মর্জিনা খাতুন জন্মের পর থেকেই মৃগীরোগ ও মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, নিখোঁজের বিষয়ে থানায় জিডি করার পরই পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন