ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলাধীন নীলামেলা বাজারে ব্যবসায়ীর দোকানে ঢুকে হামলা, ভাঙচুর ও নগদ টাকা নিয়ে যাওয়ার ঘটনায় করা মামলায় মো. আলম (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. আলম দেবীপুর ইউনিয়নের নীলামেলা বাজার এলাকার মো. দবির উদ্দীনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ৭টার দিকে নীলামেলা বাজারে ব্যবসায়ী মো. হাফিজুল ইসলামের দোকানে কয়েকজন ব্যক্তি প্রবেশ করেন। এ সময় তারা তাকে গালিগালাজ ও মারধর করার পাশাপাশি দোকানের মালামাল ও আসবাবপত্র ভাঙচুর করে ক্ষতিসাধন করেন। পরে দোকানে থাকা নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
মামলায় আরও উল্লেখ করা হয়, হামলাকারীদের বাধা দিতে গেলে হাফিজুল ইসলামকে মারধর করা হয়। এতে তিনি আহত হন। হামলা, ভাঙচুর ও নগদ অর্থসহ ঘটনায় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী হাফিজুল ইসলাম ভূল্লী থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মো. আলমকে গ্রেপ্তার করে।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, মামলার পর আসামি মো. আলমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আলোকিত সারাদেশ
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ । ৯:৪৭ অপরাহ্ণ