ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বিশেষ অভিযান চালিয়ে ১০৫ পিস কমলা রঙের ট্যাপেন্ডাটল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) ভূল্লী উপজেলাধীন বালিয়া ইউনিয়নের বড় বালিয়া মণ্ডলপাড়া জামে মসজিদের পাশে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার টিকাপাড়া গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে মোঃ ফাহিম মোর্শেদ গালিব (৩৩) এবং বরুনাগাঁও গ্রামের মোঃ নিজামউদ্দিনের ছেলে মোঃ রানা (৩৫)।
পুলিশ জানায়, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ভূল্লী থানা পুলিশের টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৫ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভূল্লী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-০৫, তারিখ ৪ অক্টোবর ২০২৬।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, মাদক উদ্ধার, মাদক মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না।

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ । ১১:১৩ অপরাহ্ণ