ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:৩১ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুকুরের পানিতে ডুবে বিশ্বজিৎ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলার বড়গাঁও ইউনিয়নের কদম রসুলহাট (নাপিতপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিশ্বজিৎ ওই এলাকার জীবন শর্মার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে শিশুটির বাবা খাওয়া-দাওয়া শেষে দোকানে চলে যান। এ সময় শিশুটির মা বাড়ির সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের সদস্যদের অগোচরে বিশ্বজিৎ বাড়ির বাইরে খেলতে যায়। পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে শিশুটির বাবা দোকান বন্ধ করে বাড়িতে ফিরে আশপাশে খোঁজাখুঁজি করলে বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত পুকুরের পানিতে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে শিশুটির মৃত্যুর ঘটনা বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা কারও বিরুদ্ধে সন্দেহের কথা জানানো হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন