ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে মোঃ মমিন ইসলাম (২৫) নামে এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের ভূল্লী বাজার চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন।
দণ্ডপ্রাপ্ত মমিন ইসলাম ভূল্লী উপজেলার বড়বালিয়া (দারাপাড়া) গ্রামের মোঃ সবের আলীর ছেলে।
জানা যায়, সোমবার দুপুরে ভূল্লী বাজার চৌরাস্তা এলাকায় মমিন ইসলাম মাদকদ্রব্য সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় ঘোরাফেরা করছিলেন। এতে জনসাধারণের স্বাভাবিক চলাচল ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল। খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে তাকে ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের বিষয়টি উপস্থাপন করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মমিন ইসলামকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আদালতের রায় অনুযায়ী তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “মাদক সেবন ও মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে ভূল্লী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন বলেন, “মাদক সেবন করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:১২ অপরাহ্ণ