ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে কাঁঠাল চুরির অভিযোগে মো. আবু সালেক (২০) নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ভূল্লী থানার খলিশাকুড়ি খোশবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবু সালেক ওই এলাকার মো. মাসুম ও মোছা. নেহারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশী মো. আক্তারুল ইসলামের বাড়ির সামনে থাকা কাঁঠালগাছ থেকে পাঁচটি কাঁঠাল নিয়ে বিক্রির উদ্দেশ্যে ভূল্লী বাজারের দিকে যাচ্ছিলেন সালেক। এ সময় গাছের মালিক আক্তারুল ইসলাম তাকে কাঁঠালসহ হাতেনাতে আটক করেন।
পরে আক্তারুল ইসলাম তাকে কাঁঠালসহ নিজ বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির সামনে থাকা একটি আমগাছের সঙ্গে বেঁধে রাখেন এবং কয়েক দফা আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে আক্তারুল ইসলামের বড় ভাই মো. শরিফুল ইসলাম ঘটনাস্থলে এসে সালেককে গাছের বাঁধন থেকে মুক্ত করেন।
ভূল্লী থানার পুলিশ জানায়, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে মারধর করার সুযোগ নেই। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের ভাষ্য, আবু সালেকের বিরুদ্ধে ছোটখাটো চুরির অভিযোগ রয়েছে। এর আগে প্রায় ১০-১২ দিন আগে প্রতিবেশী ইসিবুল ইসলামের ১৫ কেজি পাট চুরির অভিযোগও তার বিরুদ্ধে উঠেছিল বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো মামলা বা আদালতের সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: Thursday, 20 August, 2026 । 7:15 pm