ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার ১১ মাইল নাককাটি এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচ শিক্ষার্থীসহ অটোরিকশার চালক আহত হয়েছেন। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে প্রশাসন ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ভূল্লী থানাধীন ১১ মাইল নাককাটি এলাকায় কৃষ্ণ চন্দ্রের চাতাল সংলগ্ন পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড়গামী একটি ট্রাকের সঙ্গে বোদা থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক মো. আজিজার রহমান (৪৫) এবং অটোরিকশায় থাকা পাঁচ শিক্ষার্থী সাকিব হোসেন (১৫), স্নেহা রায় (১৪), তাসনিম আক্তার (১৪), সুমাইয়া আক্তার সাথী (১৩) ও আরও একজন শিক্ষার্থী আহত হন। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সড়কে অবস্থান নিয়ে দুপুর ১২টা থেকে বেলা ২টা ৪০ মিনিট পর্যন্ত পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
খবর পেয়ে ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী এবং বোদা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা স্থানীয়দের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় ট্রাকচালক মো. সেলিম রেজা মুক্তা (৫৫)কে ভূল্লী থানা পুলিশ আটক করেছে। তিনি পাবনা জেলার বেড়া থানার শম্ভুপুর এলাকার বাসিন্দা।
ভূল্লী থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: Thursday, 20 August, 2026 । 4:36 pm