ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: Saturday, 8 August, 2026 । 5:09 pm

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীহাট এলাকায় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রহিমানপুর ইউনিয়নের মৃত দেবারু মোহাম্মদের ছেলে আবুল হোসেন (৬০) এবং বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি এলাকার দেলাওয়ার হোসাইনের ছেলে অর্নব ইসলাম (১৩)।

স্থানীয়রা জানান, দুপুরে একটি মোটরসাইকেল বালিয়াডাঙ্গীর দিক থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। পথে নেংড়ীহাট এলাকায় রাস্তা পারাপারের সময় পথচারী আবুল হোসেনকে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।

এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহীও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অর্নব ইসলাম মারা যান। অপর আহত মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন