সন্তানদের অবহেলায় অসহায় জীবন, বৃদ্ধা আয়েশা বেগমের পাশে ভূল্লী উপজেলার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: Thursday, 6 August, 2026 । 6:39 pm

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের বড়বালিয়া পাইকারমনি গ্রামের অসহায় বৃদ্ধা আয়েশা বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।সম্প্রতি তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বৃহস্পতিবার (৬ আগষ্ট) তার বাড়িতে গিয়ে খোঁজখবর নেন, শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেন এবং পারিবারিক সমস্যার দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী মৃত আয়নাল হকের মৃত্যুর পর দীর্ঘদিন ধরে তিন সন্তানের অবহেলার অভিযোগে মানবেতর জীবনযাপন করছেন আয়েশা বেগম। অভিযোগ রয়েছে, সম্পত্তি লিখে নেওয়ার পর সন্তানরা তার দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করে। একপর্যায়ে বড় ও ছোট ছেলের বাড়ি ছেড়ে তিনি আলাদাভাবে বসবাস শুরু করেন। নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ও অসহায়ত্ব থেকে বাড়ির পাশেই নিজের কবরও তৈরি করে রেখেছেন বলে স্থানীয়দের দাবি। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

খবর পেয়ে ইউএনও মো. সাদ্দাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বৃদ্ধার সার্বিক খোঁজখবর নেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে চাল, ডাল, তেলসহ বিভিন্ন শুকনো খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এ বিষয়ে ইউএনও মো. সাদ্দাম হোসেন বলেন,
“সম্প্রতি আয়েশা বেগম নামে এই বৃদ্ধা মহিলাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তার তিনজন সন্তান থাকা সত্ত্বেও তিনি আলাদা একটি ঘরে অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। বিষয়টি জানার পর আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার খোঁজখবর নিতে এসেছি এবং কিছু শুকনো খাদ্যসামগ্রী প্রদান করেছি। এটি মূলত একটি পারিবারিক বিষয়। তাই স্থানীয়ভাবে দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি, পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে বিষয়টির দ্রুত সমাধান হবে। উপজেলা প্রশাসন সবসময় এই পরিবারের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।”

এ সময় বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পারিবারিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পাশাপাশি অসহায় প্রবীণদের প্রতি পরিবারের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন