আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি শুরু: মির্জা ফখরুল

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: Sunday, 2 August, 2026 । 3:55 pm

ঠাকুরগাঁও প্রতিনিধি: আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যেই প্রস্তাবিত মেডিকেল কলেজ স্থাপনের মূল নির্মাণকাজ শুরু হবে বলেও তিনি জানান।

রবিবার (২ আগস্ট) সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালে নেপাল সরকারের সহায়তায় আয়োজিত আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। এ অঞ্চলের অধিকাংশ মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকায় উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে যাওয়া অনেকের পক্ষেই সম্ভব হয় না। তাই সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, নেপাল সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে চোখের রোগে আক্রান্ত মানুষ বিশেষায়িত সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। ভবিষ্যতে জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের আই ক্যাম্পের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইতোমধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ চালু হলে জেলার পাশাপাশি আশপাশের জেলার মানুষও উন্নত চিকিৎসা ও চিকিৎসা শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এম্বাসি অব নেপাল ইন বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মিস্টার প্রতিক কার্কি, মিস্টার পদ্ম নারায়ণ চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন