ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার সবদল হাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত বিশেষ অভিযানে একটি তক্ষক, ৭৫০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা, সামান্য পরিমাণ হেরোইন এবং নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফিরোজ (৩৪) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি সিংগিয়া গ্রামের লালু মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ফিরোজের কাছ থেকে এসব আলামত উদ্ধার করা হয়। অভিযানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে আইনানুগ কার্যক্রম তদারকি করেন।
উদ্ধার হওয়া একটি জীবিত তক্ষক বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের আওতাভুক্ত সংরক্ষিত প্রাণী হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তক্ষকটি কীভাবে সংগ্রহ করা হয়েছিল এবং এর সঙ্গে কোনো অবৈধ বন্যপ্রাণী পাচার চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ছাড়া উদ্ধার হওয়া ৭৫০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা, সামান্য পরিমাণ হেরোইন এবং নগদ ৮৩ হাজার টাকার উৎস ও ব্যবহার সম্পর্কেও তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং প্রযোজ্য ক্ষেত্রে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ । ১২:২৭ পূর্বাহ্ণ