ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার (৫ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে ভূল্লী বাজারের পশ্চিম পাশে কুমারপুর বসিরপাড়া এলাকায় ভূল্লী নদীর তীরে অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রয়ের অভিযোগে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. জুয়েল ইসলাম (১৯), সদর উপজেলার সালন্দর (মিলপাড়া) এলাকার বাসিন্দা এবং ভূল্লী থানার কুমারপুর (ফরেস্টের ডাঙ্গা) এলাকার বাসিন্দা মো. সোহেল রানা (১৯) ও মো. হামিদুল ইসলাম (২০)।
পুলিশ জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে সাক্ষীদের উপস্থিতিতে পাঁচটি ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের ভূল্লী থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভূল্লী থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “মাদক ও ক্যাসিনো (জুয়া) কার্যক্রমের বিরুদ্ধে ভূল্লী থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন। মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধ দমনে সচেতন নাগরিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬ । ১২:০০ পূর্বাহ্ণ