মোঃ সুজন আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি: সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগে ৫ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে ভার্চুয়াল বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুর ১টা থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত ভূল্লী উপজেলাধীন ৩নং আউলিয়াপুর ইউনিয়নের কিয়ারিগাঁও বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের সঙ্গে সংযুক্ত হয়ে প্রতীকীভাবে তিনটি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান, ঠাকুরগাঁও সদর, ভূল্লী ও রুহিয়া এলাকার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দীন তাজু, বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খাতুন, ৩নং আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইদুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং প্রায় ৩০০ থেকে ৩৫০ জন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত সবাই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগসহকারে শ্রবণ করেন। এ সময় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ও খালি জায়গায় প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অঙ্গীকার ব্যক্ত করা হয়।

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬ । ৫:৪৯ অপরাহ্ণ