ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের দংশনে মিরা (১৩) নামে এক অষ্টম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের পতনডোবা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিরা ওই গ্রামের মিজানুর রহমান (মিজান ড্রাইভার) এর একমাত্র কন্যা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে অবস্থানকালে বিষধর সাপ মিরাকে দংশন করে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মিরার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে তার বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। গ্রামের মানুষও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে গ্রামাঞ্চলে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।
এদিকে, মিরার অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: Friday, 19 June, 2026 । 12:32 pm