মোঃ সুজন আলী, ঠাকুরগাঁওঃ “মাত্র ৫৬ টাকা আবেদন ফি দিয়েই বাংলাদেশ পুলিশে চাকরি হয়েছে ২৬ জনের। এর বাইরে কোনো ধরনের অতিরিক্ত টাকা বা তদবিরের প্রয়োজন হয়নি”— এমনটাই জানিয়েছে ঠাকুরগাঁও জেলা পুলিশ।
ঠাকুরগাঁওয়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। জেলা পুলিশের আয়োজনে ২৪ মে পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত হয় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা। পরে প্রাথমিকভাবে নির্বাচিত ২৬ জন প্রার্থীর ফলাফল ঘোষণা করা হয়।
ফল প্রকাশের পর নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন।

এ সময় তিনি বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা, শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেন ছাড়াই যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ সুপার নবনির্বাচিতদের সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে মানবিক পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্য, বিভিন্ন জেলা থেকে আগত পুলিশ কর্মকর্তারা, ঠাকুরগাঁও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোকিত সারাদেশ
প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬ । ১:৩৬ পূর্বাহ্ণ