ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন ১৫নং দেবীপুর ইউনিয়নের মুন্সিরহাট বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের অন্তত ৬টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বাজারের অন্যান্য দোকান।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে মুন্সিরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের একটি ইলেকট্রনিক্স মেকানিক্যাল দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে— মো. কামরুজ্জামান ওরফে কামু, পিতা- আইনুল ইসলাম এর ইলেকট্রনিক্স মেকানিক্যাল দোকান। এতে আনুমানিক প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া মো. আমিনুল ইসলাম, পিতা- মৃত আতিম উদ্দিন এর দর্জির দোকানে প্রায় ৫০ হাজার টাকা, সুবল চন্দ্র, পিতা- শরৎ চন্দ্র এর হারবাল ঔষধের দোকানে প্রায় ৩০ হাজার টাকা, মো. হাসিবুল ইসলাম, পিতা- মৃত ইউনুস আলী এর মুদিখানার দোকানে প্রায় ৫০ হাজার টাকা, কলেশ চন্দ্র, পিতা- মৃত আমাতু বর্মন এর চাউলের দোকানে প্রায় ৫০ হাজার টাকা এবং মো. আনোয়ার হোসেন, পিতা- মতিয়ার রহমান এর কম্পিউটার টাইপের দোকানে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সবাই মুজাবর্ণী গ্রামের বাসিন্দা।
খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে বোদা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আগুন পাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মো. কামরুজ্জামান ওরফে কামুর ইলেকট্রনিক্স মেকানিক্যাল দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে ঘটনার সময় দোকানটি বন্ধ ছিল।
ঘটনার খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ । ৩:৫২ অপরাহ্ণ