ঠাকুরগাঁওয়ে দেবীপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা আসাদুজ্জামান খোকন

আলোকিত সারাদেশ
প্রকাশের সময়: Thursday, 5 March, 2026 । 9:24 pm

ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান খোকন। তার সম্ভাব্য প্রার্থিতাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে আলোচনা শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। দলীয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সংগঠনকে শক্তিশালী করা এবং তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। পাশাপাশি ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগেও তিনি অংশগ্রহণ করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবীপুর ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত থেকে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে এলাকাবাসীর সঙ্গে তার একটি সুসম্পর্ক গড়ে উঠেছে। বিভিন্ন সময় অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায়ও এগিয়ে এসেছেন তিনি।

এ বিষয়ে আসাদুজ্জামান খোকন বলেন, “দেবীপুর ইউনিয়নের মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই আমি চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে মিশে তাদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ধারণা পেয়েছি। সুযোগ পেলে আমি দেবীপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং ইউনিয়নের সাধারণ মানুষ যদি আমাকে সমর্থন করে, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করবো। নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবো।”

এদিকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আসাদুজ্জামান খোকনের নাম আলোচনায় আসায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, তিনি প্রার্থী হলে দল ও এলাকার জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন