ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন সারডুবি (জোড়া ব্রিজ) এলাকায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।
নিহত মুন্নি খাতুন (২০) ওই এলাকার মোঃ এমদাদুল হকের স্ত্রী। তিনি এক সন্তানের জননী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির একচালা টিনের ঘরের ভেতরে বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।
প্রাথমিকভাবে ঘটনাস্থলের আশপাশের লোকজন, নিহতের বাবা-মা ও স্বজনদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তার স্বামী মাঝে-মধ্যে তাকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া শ্বশুর-শাশুড়ির আচরণও সন্তোষজনক ছিল না বলে দাবি পরিবারের। নিহতের স্বামী গ্রামাঞ্চলে বেহুলার গান গেয়ে জীবিকা নির্বাহ করেন।
নিহতের পরিবার জানায়, ঘটনার দিন সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে মুন্নি খাতুন তার বাবা-মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে বাবার বাড়িতে যাওয়ার ইচ্ছার কথা জানান। এর কিছুক্ষণ পর, দুপুর ১টা ৫ মিনিটের দিকে তারা খবর পান যে, তিনি গলায় ফাঁস দিয়েছেন। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; তাকে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলেও বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আলোকিত সারাদেশ
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:১৩ অপরাহ্ণ