ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বাস–থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২

আলোকিত সারাদেশ
প্রকাশের সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:১০ অপরাহ্ণ

সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানাধীন বালিয়া ভূমি অফিসের সামনে পঞ্চগড়–ঠাকুরগাঁও মহাসড়কে যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহতসহ অন্তত ৬/৭ জন আহত হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নাবিল পরিবহন বাসের সঙ্গে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা একটি পাগলু (থ্রি-হুইলার) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলারটি রাস্তার পাশে উল্টে যায়।

এ সময় থ্রি-হুইলারের পেছনে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল (রেজি. নং: ঠাকুরগাঁও–ল–১১–৫০১৮) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক উত্তম কুমার (২২), পিতা নরেন্দ্রনাথ বর্মন, সাং কিসমত সুখানপুকুরী, থানা ভূল্লী এবং থ্রি-হুইলারের যাত্রী মোছাঃ লিছা আক্তার (২২), স্বামী মোঃ শিমুল মিয়া, সাং মুন্সির হাট, থানা ভূল্লী গুরুতর আহত হন।

এছাড়াও আরও অন্তত ৬/৭ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর নাবিল পরিবহনের বাসটি ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। থ্রি-হুইলার ও মোটরসাইকেলটি ভূল্লী থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক আছে।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন