নরসিংদী ১ আসনের গণ অধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে নরসিংদী শহরের গণ অধিকার পরিষদের অস্থায়ী জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি বলেন, নির্বাচিত হলে নরসিংদী শহরের সার্বিক উন্নয়নে বাস্তবভিত্তিক ও জনবান্ধব নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। এসময় তিনি শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, সমাজ ব্যবস্থার উন্নয়ন, মাদকবিরোধী কঠোর অবস্থানসহ মোট ১২টি উন্নয়নমূলক কাজের রূপরেখা উপস্থাপন করেন।
এর মধ্যে আধুনিক ও সুশিক্ষিত সমাজ গঠন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, নিরাপদ নাগরিক পরিবেশ নিশ্চিতকরণ এবং সেবামূলক কার্যক্রম জোরদারের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করাই তার রাজনীতির মূল লক্ষ্য। জনগণের ভোট ও সমর্থন পেলে তিনি নরসিংদীকে একটি উন্নত, মানবিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করবেন। সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নরসিংদী প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ২:০৯ অপরাহ্ণ