ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই নির্বাচন স্থগিত থাকবে বলে সোমবার (১ সেপ্টেম্বর) আদালত আদেশ দেন।
হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস. কে. তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন।
আদালত নির্বাচনের প্রক্রিয়া, প্রার্থীদের মনোনয়ন যাচাই ও ভোটগ্রহণের প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছেন। সেই সঙ্গে ডাকসুর ঘোষিত তফসিল আপাতত স্থগিত থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
এর আগে তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে হাইকোর্টের নির্দেশের কারণে তা আর সম্ভব হচ্ছে না।
রিটকারীর পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আদালতে শুনানি করেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির।
উল্লেখ্য, সম্প্রতি ভোটার তালিকা প্রকাশ ও কয়েকজন প্রার্থীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে একাধিক রিট দায়ের করা হয়েছিল। এসব রিটের প্রেক্ষিতে আদালত নির্বাচনের ওপর স্থগিতাদেশ জারি করলেন।

স্টাফ রিপোর্টার,ঢাকা
প্রকাশের সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ । ৫:০৪ অপরাহ্ণ