মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় বলে ডিবির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
ডিবি জানায়, নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া “জুলাই আন্দোলন”-সংক্রান্ত হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই মামলায় তিনি অন্যতম আসামি হিসেবে নামীয় ছিলেন। আগামীকাল সোমবার (১৮ আগস্ট) তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন জানানো হবে।
এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে একই মামলায় নাসির উদ্দিন সাথীর নাম উঠে আসে। সেই সময় দায়ের করা মামলায় তার ছেলে জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদিও আসামি ছিলেন। মামলার বাদী পক্ষের অভিযোগ তারা পরিকল্পিতভাবে সহিংসতায় জড়িত ছিলেন।
নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাইটিভির মালিকানা নিয়ে বিতর্ক রয়েছে। অভিযোগ করা হয়, তিনি এবং তার সহযোগীরা ষড়যন্ত্রমূলকভাবে প্রকৃত মালিক বিলকিস জাহানকে বঞ্চিত করে প্রায় ১৬ বছর ধরে টেলিভিশন চ্যানেলটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছেন।
গ্রেফতারের পর গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, মামলার তদন্তের স্বার্থে নাসির উদ্দিন সাথীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ । ১১:১২ অপরাহ্ণ